নেত্রকোনার মদনে আসামিদের বসত বাড়ি ভাংচুর।
বিজ্ঞাপন
লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ( রবিবার) পদারকোণা গ্রামে বাড়ির সীমানা নিয়ে মঞ্জু মিয়ার সাথে প্রতিবেশী শান্তু মিয়ার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। কিছুক্ষণ পরই মঞ্জু মিয়া মারা যান। এ ঘটনায় মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে ওই দিন রাতেই মদন থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিরা বাড়ি ছেড়ে যাওয়ার সুযোগে বাদী পক্ষের লোকজন আসামিদের বাড়ি ভাংচুর লুটপাট চালায়। ভাংচুর ও লুটপাটের ঘটনায় মঞ্জুরা আক্তার বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভাংচুর ও লুটপাটে আসামি পক্ষের ৪৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে মঞ্জুরা আক্তার জানান, ' সীমানা নিয়ে তর্কবিতর্ক হয়েছে ঠিক। কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি। তর্ক করার সময় মঞ্জু মিয়া অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু আমাদের লোকজনের নামে হত্যা মামলা দিয়ে বসত ঘরে হামলা,ভাংচুর ও লুটপাট করেছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।'
জানতে চাইলে হত্যা মামলার বাদী সালেক মিয়া জানান, 'আমার বাবা মারা গেছে। আসামিদের ঘর বাড়ি কারা ভাংচুর করছে তা কিছুই আমি জানি না।'
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, 'আসামিদের বসত বাড়ি ও ভাংচুরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...