Logo Logo

নালিতাবাড়ীতে পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আকলিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


গত বৃহষ্পতিবার (২৬ মার্চ) উপজেলার পশ্চিম চাঁদগাঁও গ্রামে এই সংঘাতের ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম চাঁদগাঁও গ্রামের খোরশেদ আলম এবং আছমত আলীর মধ্যে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ইতিপূর্বে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও আছমত আলী খোরশেদ আলমের চলাচলে বাধা দেওয়ায় পুনরায় উত্তেজনা সৃষ্টি হয়। এই বিরোধের জেরে গত বছরের আগস্ট মাস থেকে উভয়পক্ষের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে।

সর্বশেষ গত ১৪ মার্চ আছমত আলী ও তার লোকজন খোরশেদ আলমের বৃদ্ধ বাবা আলী হোসেনকে মারধর করলে তিনি নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ মার্চ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যাওয়ার পরপরই পরিস্থিতি চরম আকার ধারণ করে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আছমত আলীর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে খোরশেদ আলমের পরিবারের ওপর হামলা চালায়। প্রাণভয়ে তারা স্থানীয় একটি দোকানে আশ্রয় নিলে ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়ে যাওয়ার পর আবারও সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় খোরশেদ আলমের বোন আকলিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ।

আকলিমার ভাই খোকন মিয়া এই হামলার জন্য স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা হযরত আলীর উস্কানিকে দায়ী করেছেন। তিনি জানান, রাজনৈতিক প্রভাব ও উস্কানির কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে। এই ঘটনায় খোকন মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর মারধরের ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...