বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাইডুলি নদীর ফেরিঘাট এলাকায় রবিবার (২৯ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা নদীতে একটি নবজাতক ছেলে শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে কেন্দুয়া থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে—এটাই প্রত্যাশা।”
অন্যদিকে, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সদ্য ভূমিষ্ঠ নবজাতকটিকে গোপনে নদীতে ফেলে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...