Logo Logo

নোয়াখালীতে গৃহবধূ হত্যা ও শিশু ধর্ষণ চেষ্টায় দুইজনের কারাদণ্ড


Splash Image

নোয়াখালীতে পৃথক দুটি মামলায় এক গৃহবধূকে হত্যা এবং একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই আসামিকে কারাদণ্ড প্রদান করেছেন আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রায় ঘোষণা করেন।

একটি মামলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন এবং অপর মামলায় শিশুকে যৌন নির্যাতনের চেষ্টায় এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার দিন ভোরে শাহানারা বেগম নামাজরত অবস্থায় থাকাকালীন ঘাতক স্বামী গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিহতের ছেলের সাক্ষ্যের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার করিমপুর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বরকত উল্লাহ নামে এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের মার্চ মাসে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়ের করেছিল। আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, এই রায় সমাজে অপরাধ দমনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...