Logo Logo

হামে আক্রান্ত ৬ শিশু হাসপাতালে ভর্তি

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর বাড়িতে চিকিৎসক দল


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে একটি বিশেষ চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) চিকিৎসক দলের সদস্যরা উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামে মৃত শিশুর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

মৃত শিশু তুবা ইসলাম তোহা হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখের সন্তান। গত ১৯ মার্চ তার জ্বর ও শরীরে হামের উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে শ্বাসকষ্ট শুরু হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয় এবং ২৭ মার্চ মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচ দিন আগে মারা যাওয়ায় শিশুটির নমুনা সংগ্রহ করা সম্ভব না হলেও স্বাস্থ্য বিভাগ পুরো এলাকাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছে।

সিভিল সার্জন জানান, বর্তমানে গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৬ শিশু ভর্তি রয়েছে। তাদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় যারা এখনো হামের টিকা পায়নি, তাদের দ্রুত টিকাদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্ত রোগীদের ওপর কড়া নজরদারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনা পর্যালোচনায় গত ৩০ মার্চ সিভিল সার্জন জেলা ও উপজেলা পর্যায়ের চিকিৎসকদের নিয়ে একটি সমন্বয় সভা করেন। সভায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনকে প্রধান করে একটি বিশেষ মেডিকেল কমিটি গঠন করা হয়েছে। জেলাজুড়ে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে জানিয়ে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান।

এদিন পরিদর্শনের সময় মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহা ও ডা. দীবাকর বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সিভিল সার্জন মুকসুদপুর হাসপাতাল পরিদর্শন করে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং জেলার প্রতিটি হাসপাতালে দ্রুত আইসিইউ ইউনিট চালুর সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...