Logo Logo

টুঙ্গিপাড়ায় ৪ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ, ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধভাবে ডিজেল মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার পাটগাতী বাজারে এই অভিযান চালানো হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

পাটগাতী বাজারের ‘মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ লিটার অবৈধ মজুতকৃত ডিজেল উদ্ধার করা হয়। অপরাধের সত্যতা মেলায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার। তিনি জানান, প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা লোটার চেষ্টা করছিল। এনএসআই-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

জরিমানার পাশাপাশি জব্দকৃত ডিজেল সাধারণ মানুষের মাঝে মাথাপিছু সর্বোচ্চ ৫ লিটার করে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এমন অনিয়ম রোধে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...