Logo Logo

হাম প্রতিরোধে সচেতনতা জোরদারের নির্দেশ

কাশিয়ানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিক পরিদর্শনে সিভিল সার্জন


Splash Image

হাম রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (১ এপ্রিল) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা প্রদান পদ্ধতি এবং হাম প্রতিরোধে চলমান প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাম রোগের বিস্তার রোধে প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সচেতন করতে স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এরপর তিনি উপজেলার দুটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে উপস্থিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, টিকাদান কর্মসূচি এবং রোগীদের সেবা প্রদানের মান পর্যবেক্ষণ করেন। ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সেবার মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সিভিল সার্জন বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। একই সঙ্গে হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কার্যক্রম এবং গণসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ধরনের পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে স্বাস্থ্যখাতে সেবার মানোন্নয়ন এবং সংক্রামক রোগ প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...