বিজ্ঞাপন
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনের জন্য সর্বমোট ১২৩ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে এই নিয়মের তোয়াক্কা না করে দ্বিগুণেরও বেশি অর্থ আদায় করা হচ্ছে।
অভিভাবক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বোর্ডের একটি নির্দেশনায় ২৭৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। তবে পরদিনই অর্থাৎ ২ ফেব্রুয়ারি সংশোধিত নির্দেশনায় তা কমিয়ে ১২৩ টাকা করা হয়। অভিযোগ উঠেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধিত নির্দেশনা পাওয়ার পরও সেটি গোপন রেখে পূর্বের উচ্চহারে এবং অতিরিক্ত খরচসহ ৩০০ টাকা আদায় অব্যাহত রেখেছে।
বিদ্যালয়ের অভিভাবক লিটন হোসেন, শাহাদাত খান ও মিরাজ ডাক্তারসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, "বোর্ড নির্ধারিত ফি যেখানে ১২৩ টাকা, সেখানে আমাদের কাছ থেকে ৩০০ টাকা নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলে তারা তাদের সিদ্ধান্তের কথা জানান। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন প্রকাশ্য অনিয়ম ও বাড়তি অর্থের চাপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আনিসুর রহমান পলাশ জানান, তারা প্রথমে ২৭৫ টাকার নির্দেশনাটি পেয়েছিলেন। সংশোধিত চিঠিটি পাঁচ দিন পরে তাদের নজরে আসায় আগের হারেই টাকা নেওয়া হয়েছে। তবে কেন সংশোধিত নির্দেশনা সময়মতো দেখা হলো না এবং কেন ৩০০ টাকা আদায় করা হলো—এসব প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। অবশ্য বিষয়টি সমন্বয় করে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, "অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে। বোর্ডের সুনির্দিষ্ট নির্দেশনার বাইরে বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। দ্রুত সভা আহ্বান করে অভিযোগ যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...