Logo Logo

যুগ্মসচিব মনির হোসেন

জ্বালানি সরবরাহে ঘাটতি নেই, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা


Splash Image

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

যুগ্মসচিব জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরির যেকোনো চেষ্টা রুখতে সরকার বদ্ধপরিকর। অবৈধভাবে জ্বালানি মজুতদারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং জব্দকৃত তেল খোলা বাজারে নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে।

বৈশ্বিক পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কিছু সরবরাহ চুক্তিতে জটিলতা তৈরি হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মনির হোসেন চৌধুরী বলেন, উজবেকিস্তান, কাজাখস্তান ও সিঙ্গাপুরের মতো নতুন উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

বর্তমানে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল পরিশোধন ও পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ফিলিং স্টেশনে ভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, জ্বালানি সরবরাহে সবাইকে সমান নীতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া বিদ্যুৎ খাতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষকেও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এই কর্মকর্তা। তিনি স্পষ্ট করেন যে, সরবরাহ স্থিতিশীল রাখতে প্রশাসনিক ও আইনি সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...