Logo Logo

পাইকগাছায় সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যানের পুনর্বহাল আবেদনের তদন্ত সম্পন্ন, গ্রামবাসীর ঝাড়ু মিছিল


Splash Image

খুলনার পাইকগাছা উপজেলার ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা ফিরে পাওয়ার আবেদনের প্রেক্ষিতে তদন্ত সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই তদন্ত কার্য পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

তদন্ত চলাকালীন উপস্থিত সকল ইউপি সদস্য সাবেক চেয়ারম্যানকে পুনর্বহাল না করার পক্ষে তাদের অবস্থান লিখিতভাবে ব্যক্ত করেন। তারা আব্দুল মান্নান গাজীর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, ভূমিদস্যুতা, অনিয়ম ও পরিষদের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ তোলেন। একই সময়ে পরিষদের বাইরে কয়েক হাজার ইউনিয়নবাসী সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি আব্দুল মান্নান গাজী তার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেতে খুলনা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দাখিল করেন। আবেদনটি পরবর্তী কার্যক্রমের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর দপ্তরে প্রেরিত হয়। ইউএনও বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করেন।

তদন্ত চলাকালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য সিদ্দিক শিকারী, আজিজুর রহমান লাভলু, শেখর কুমার ঢালী ও আবুল কালাম আজাদ তাদের বক্তব্য তুলে ধরেন। এছাড়া ইউপি সদস্য নাছিমা বেগম, আবু সাঈদ সানা, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, প্রবির কুমার গোলদার ও আসমা বেগমসহ অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান, সংশ্লিষ্ট সকলের বক্তব্য ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। দ্রুতই এই তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া হবে। সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এবং জনপ্রতিনিধিদের অনীহার ফলে এলাকাটিতে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...