বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে এবং শুক্রবার বিকালেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
অন্যদিকে, একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইজা নামে পাঁচ মাস ২০ দিন বয়সী আরও এক শিশু মারা যায়। সে কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে এবং গত চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, শিশু ইব্রাহিম হামের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শিশু আইজা গত ৩০ মার্চ থেকে হাম ও নিউমোনিয়ার জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টায় আফরান নামে আট মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, কুষ্টিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
ক্রমবর্ধমান এই সংক্রমণ ও শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ আইসোলেশন ওয়ার্ডের সক্ষমতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...