Logo Logo

তেল আমদানির জন্য জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি


Splash Image

দেশের জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে এবং জরুরি ভিত্তিতে আমদানির প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে আজ বৈঠকে বসছে সরকারের গুরুত্বপূর্ণ দুটি কমিটি। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই ভার্চ্যুয়াল বৈঠকে মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ও চূড়ান্ত অনুমোদন আসতে পারে।


বিজ্ঞাপন


শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিতব্য এই দুটি বৈঠকে সভাপতিত্ব করবেন উভয় কমিটির প্রধান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বিভিন্ন ধরনের মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব প্রথমে নীতিগত অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে নীতিগত অনুমোদন পাওয়ার পর অনুষ্ঠিতব্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।

বৈঠকের আলোচ্যসূচি অনুযায়ী, আজ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও’-এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০-১০ পিপিএম) মানের ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।

এ ছাড়া ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল এবং ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’-এর কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এইচএসডি)/এজিও আমদানির প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দ্রুততম সময়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদিত হলে স্বল্প সময়ের মধ্যেই এই আমদানির প্রক্রিয়া শুরু হবে, যা দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...