Logo Logo

ফরিদপুরের সালথা উপজেলা সফর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ


Splash Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আজ শনিবার (৪ এপ্রিল) ফরিদপুরের সালথা উপজেলায় এক ব্যস্ততম সফর সম্পন্ন করেছেন।


বিজ্ঞাপন


দুপুর ২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থানকালে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।

সফরের শুরুতে প্রতিমন্ত্রী উপজেলার রসুলপুরে অবস্থিত বাসুয়ার কান্দি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। পরিদর্শনকালে তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও দেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

পরবর্তীতে তিনি সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরপর তিনি উপজেলার যদুনন্দী ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করেন।

পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কয়েকগুণ বৃদ্ধি পেলেও বাংলাদেশে এখন পর্যন্ত দাম বাড়ানো হয়নি—এটি বর্তমান সরকারের একটি বিশাল সফলতা।” তবে বৈশ্বিক এই সংকট মোকাবিলায় তিনি দেশের সকল নাগরিককে জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নেও সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সালথা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অমিতাভ হালদার এবং সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আল আমিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...