Logo Logo

১১ মাস পর লাশ হয়ে ফিরলেন সীমান্তে আটক কৃষক


Splash Image

দীর্ঘ ১১ মাস পর নিজ দেশে ফিরলেন ঠাকুরগাঁওয়ের কৃষক আজিজুর রহমান (৫০)। তবে জীবিত নয়, মরদেহ হয়ে পরিবারের কাছে ফিরতে হলো তাকে। সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হওয়ার পর দীর্ঘ কারাবাস ও অসুস্থতার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার।


বিজ্ঞাপন


শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ আজিজুর রহমানের মরদেহ হস্তান্তর করে। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ এবং তেঁতুলিয়া মডেল থানার কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট শাহানাবাদ গ্রামের বাসিন্দা। মরদেহ গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন তার স্বজনরা। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনের নিথর দেহ ফিরে পেয়ে তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

পরিবার সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে রাণীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হন আজিজুর। এরপর তাকে ভারতের একটি কারাগারে রাখা হয়। পরিবারের অভিযোগ, আটক অবস্থায় অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে গত ২২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। মরদেহ গ্রহণের সময় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, বিজিবির বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার ইউনুস এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুলিশ মরদেহটি আজিজুর রহমানের জামাতা দুলাল হোসেন ও ভাতিজা সোহেল রানার কাছে হস্তান্তর করে।

ওসি রাশেদুল ইসলাম বলেন, “সরকারি সহযোগিতা এবং দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ ১১ মাস পর তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

এদিকে নিহতের স্ত্রী ও কন্যারা আগে থেকেই বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছিলেন। প্রিয়জনের শেষবারের মতো মুখ দেখতে পেরে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। একই সঙ্গে বিএসএফের হাতে আটক ও কারাবাসের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভও বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...