Logo Logo

‘সব ধর্মের ঐক্যেই গড়বে বৈষম্যহীন সমাজ’— ডেপুটি স্পিকার


Splash Image

নেত্রকোনার দুর্গাপুরে একটি মন্দির উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৈষম্যহীন সমাজ গড়তে হলে সব ধর্মের মানুষের ঐক্য অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বাড়ইপাড়া সার্বজনীন পঞ্চাঙ্গ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ আমাদের সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। আপনারা নির্ভয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, কেউ আপনাদের বাধা দিতে পারবে না।”

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশে সাম্য, মানবিকতা ও ন্যায়ের ভিত্তিতে সমাজ বিনির্মাণের সুযোগ রয়েছে। প্রত্যেক ধর্মের মূল শিক্ষা মানুষকে মানবতা, সততা, ন্যায়বিচার ও সহনশীলতার পথে পরিচালিত করে—এ কথাও উল্লেখ করেন তিনি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দল-মত, পথ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের কাছে কে হিন্দু, কে মুসলিম—এটা মুখ্য নয়; একজন মানুষের কর্মই তার বড় পরিচয়।”

তিনি জানান, একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে এবং পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, সরকার দেশের সব ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে মুসলিমদের ইমাম-খতিব, হিন্দুদের পুরোহিত ও সেবাইত, খ্রিস্টান ধর্মযাজকসহ সব ধর্মীয় নেতাদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ—সবাই যেন গর্ব করে বলতে পারে, এই দেশ আমাদের। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।”

তিনি আরও স্মরণ করিয়ে দেন, মহান মুক্তিযুদ্ধের সময় ধর্মীয় বিভেদ ভুলে সবাই একসঙ্গে দেশ রক্ষায় অংশ নিয়েছিল। বর্তমানেও দেশ গঠনে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি মত দেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...