বিজ্ঞাপন
ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, নিখোঁজ মার্কিন ক্রু ও কমান্ডোদের উদ্ধারে আসা দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারকে তারা মাটিতে নামিয়ে আনতে সক্ষম হন এবং পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হয়। এর পাশাপাশি একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমানও ভূপাতিত করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন উদ্ধারকারী দলের বিরুদ্ধে অ্যারোস্পেস, স্থল বাহিনী, ইরাকের পপুলার ইউনিট, প্যারামিলিটারি বাসিজ এবং পুলিশ কমান্ড যৌথভাবে এই প্রতিরোধ অভিযান পরিচালনা করে। এই সমন্বিত অভিযানের ফলেই মার্কিন বাহিনীর একাধিক এয়ারক্রাফট ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে তারা দাবি করেন। এর আগে রোববার সকালে ইস্ফাহান প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার খবরও জানিয়েছিল ইরান।
এদিকে, গত শুক্রবার সকালে ইরানের বোয়ের-আহমেদ প্রদেশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। ওইদিনই বিমানের পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও অপর ক্রু সদস্য (অফিসার) ওই এলাকার কোহ-ই-সিয়াহ অঞ্চলে আত্মগোপন করেছিলেন। তাকে উদ্ধারের জন্য মার্কিন কমান্ডোরা ওই দুর্গম অঞ্চলে ব্যাপক হামলা চালায়।
প্রাদেশিক কর্মকর্তা ইরাজ কাজেমিজো ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে জানিয়েছেন, মার্কিন কমান্ডোদের এই উদ্ধার অভিযানে অন্তত ৫ জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, “গত রাতে কোহ-ই-সিয়াহতে ৫ জন শহীদ হয়েছেন। মার্কিনিরা তাদের পাইলট ও ক্রু মেম্বারকে খোঁজার সময় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
উল্লেখ্য, দীর্ঘ দুই দিনের শ্বাসরুদ্ধকর অভিযানের পর বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয়েছে মার্কিন বাহিনী। তবে এই প্রক্রিয়ায় বড় ধরনের সামরিক সরঞ্জাম হারাল পেন্টাগন।
সূত্র: আল-আরাবিয়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...