Logo Logo

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে আফজাল হোসেন খানের প্রথম কর্মদিবস অতিবাহিত


Splash Image

ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ আজ তার প্রথম কর্মদিবস পালন করেছেন। দায়িত্ব গ্রহণের পর সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


বিজ্ঞাপন


আফজাল হোসেন খান পলাশ কার্যালয়ে উপস্থিত হলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন ও নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন। এ সময় সমিতির সভাপতি বিশ্বজিৎ কুমার ভৌমিক, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পেশাজীবী ও গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আগামী দিনে জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

দাপ্তরিক কাজ শুরুর আগে প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বেশ কয়েকজন প্রথিতযশা রাজনীতিবিদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮টায় তিনি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের পিতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসককে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষও অভিনন্দন জানিয়েছেন।

আফজাল হোসেন খান পলাশ জানান, ফরিদপুর জেলা পরিষদকে একটি জনবান্ধব ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং সামগ্রিক কাঠামো ঢেলে সাজাতে তিনি বদ্ধপরিকর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...