Logo Logo

অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে মনোযোগ দেয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী


Splash Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

বিগত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বা অন্য যেকোনো কারণেই হোক, হাম-রুবেলা প্রতিরোধে যথাযথ প্রচারণা ও নিয়ন্ত্রণে পর্যাপ্ত মনোযোগ দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বিজ্ঞাপন


রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় কক্সবাজারের মহেশখালী ও রামু উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা থেকে যুক্ত হয়ে মন্ত্রী জানান, সরকার ২০২৬ সালের মধ্যে হাম নিয়ন্ত্রণে এনে শিশুমৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি এমনভাবে বাস্তবায়ন করতে হবে যাতে রোগটি আর ব্যাপকভাবে ছড়িয়ে না পড়ে। প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।”

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, মহেশখালী ও রামু উপজেলার প্রায় ১ লাখ ২০ হাজার শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হচ্ছে। তবে কোনো শিশুর জ্বর থাকলে তাকে সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলায় বর্তমানে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রামু উপজেলার রাজিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো। গত একদিনেই নতুন করে ২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ৪২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলার মহেশখালী, হোয়াইক্যং, রামুর মিঠাছড়ি এবং কক্সবাজার শহরের কিছু এলাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবিলায় কক্সবাজার সদর হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করে বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...