Logo Logo

হাটহাজারীতে অবৈধভাবে মাটি কাটায় গভীর গর্ত, দীর্ঘ ৪ ঘণ্টার অভিযানে স্কাভেটর জব্দ


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ১ নং ধলই ইউনিয়নের কাটিরহাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।


বিজ্ঞাপন


রোববার (৫ এপ্রিল) প্রায় চার ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মাটি কাটায় ব্যবহৃত একটি স্কাভেটর জব্দ করা হয়েছে।

ধলই ব্রিজের পূর্ব পাশে সিন্ডিকেটের মাধ্যমে ফসলি জমি খুঁড়ে গভীর খাদে পরিণত করায় স্থানীয় কৃষি ব্যবস্থার ব্যাপক ক্ষতি হচ্ছে। শুধু কৃষিজমি নয়, এই অপরিকল্পিত মাটি কাটার ফলে পাশের ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের টাওয়ার এবং ১১ কেভি লাইনের খুঁটিগুলো চরম ঝুঁকির মুখে পড়েছে। খুঁটির নিচের মাটি সরে যাওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সাংবাদিকরা হুমকির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের ওপর এই হুমকির ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হলে গত ১ এপ্রিল হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন।

অভিযানের নেতৃত্বদানকারী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, এর আগেও অবৈধভাবে মাটি কাটার দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছিল। কিন্তু তারা কার্যক্রম বন্ধ না করায় এবার অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, বৈদ্যুতিক টাওয়ারের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলায় সঞ্চালন লাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার এই হীন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...