Logo Logo

কাঁঠালিয়ায় বেরিবাঁধ নির্মাণে বাধার প্রতিবাদে মানববন্ধনে হামলা, গ্রামবাসীর প্রতিরোধ


Splash Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামে তালতলা খাল সংলগ্ন বেরিবাঁধ নির্মাণে বাধা প্রদানের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


সোমবার (৬ এপ্রিল) সকালে ওই এলাকায় এলাকাবাসীর ওপর একদল লোক হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধের মুখে হামলাকারীরা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শুরু হওয়া জনগুরুত্বপূর্ণ এই বাঁধ নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের ডাক দিয়েছিলেন।

এলাকাবাসী জানান, পশ্চিম আউরা গ্রামের তালতলা খালে ভেরিবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা ও বন্যা মৌসুমে জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে শত শত একর ফসলি জমি, গাছপালা, মৎস্যসম্পদ এবং পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জোয়ারের পানিতে বাড়িঘর প্লাবিত হওয়ায় শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলেও চরম ভোগান্তি পোহাতে হয়।

জনভোগান্তি লাঘবে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার বেরিবাঁধ নির্মাণকাজ শুরু করে। তবে এলাকাবাসীর দাবি, এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন ওই কাজে বাধা প্রদান করেন। এর ফলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ বাধ্য হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

বাঁধের কাজ পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না পাওয়ায় তারা আজ রাজপথে নামেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মো. গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার এবং গৃহিণী মাসুমা বেগম।

বক্তারা কৃষি ও জনপদ রক্ষায় দ্রুত বেরিবাঁধ নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...