Logo Logo

চাটখিলে টিউবওয়েলে পানির সঙ্গে উঠছে গ্যাস, দিয়াশলাই ধরলেই জ্বলছে আগুন


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি নতুন টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আব্দুল মতিন গৃহস্থালির কাজের জন্য মাসখানেক আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি টিউবওয়েল স্থাপন করেন। স্থাপনের পর থেকেই টিউবওয়েলটি দিয়ে পানি বের হওয়ার সময় তীব্র গন্ধ ও বুদবুদ শব্দ পাওয়া যাচ্ছিল। পানির অস্বাভাবিক অবস্থার কারণে পরিবারটি তা ব্যবহার করতে পারছিল না। সন্দেহ দানা বাঁধলে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা দিয়াশলাই জ্বালিয়ে পরীক্ষা করেন। এসময় টিউবওয়েলের মুখ দিয়ে অনবরত আগুন জ্বলতে দেখা যায়।

এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা আব্দুল মতিনের বাড়িতে ভিড় জমায়। টিউবওয়েল থেকে গ্যাস নির্গত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে যেমন বিস্ময় সৃষ্টি হয়েছে, তেমনি বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

গৃহকর্তা আব্দুল মতিন জানান, প্রথমে বিষয়টি তারা সাধারণ সমস্যা মনে করেছিলেন। কিন্তু গ্যাসের তীব্র গন্ধ পাওয়ার পর লাইটার দিয়ে পরীক্ষা করতেই আগুন জ্বলে ওঠে। বর্তমানে তারা সপরিবারে আতঙ্কে রয়েছেন এবং বিষয়টি দ্রুত পরীক্ষা করে ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ স্তরে গ্যাসের উপস্থিতির কারণে এমনটি ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। জননিরাপত্তার স্বার্থে দ্রুত এই স্থানটি পরীক্ষা-নিরীক্ষা করে ঝুঁকি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে তার নজরে এসেছে। তবে যথাযথ কারিগরি পরীক্ষা ছাড়া এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...