বিজ্ঞাপন
রোববার (৫ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী নিজে বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলাটি করেন।
মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মানছুরুল হক বাবর (৫৫) এবং তার বড় ভাই মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহানসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার মুছাপুর ইউনিয়নের কালু মোল্লার মসজিদ ও স্থানীয় মদিনা বাজারে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার আব্দুর রহিম মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
মামলার এজাহার ও ভুক্তভোগীর ভাষ্যমতে, মুছাপুর ইউনিয়নের ফারুক নামে এক ব্যক্তির জমি দখল করে সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহান ও তার ভাইয়েরা মাটি বিক্রি করে দিচ্ছিলেন। এই ঘটনার প্রতিবাদ করায় বিএনপি নেতা আলাউদ্দিন জিকুকে লাঞ্ছিত করা হয়। শুক্রবার সন্ধ্যায় জিকুকে দেখতে তার বাড়িতে যান আব্দুর রহিম এবং অন্যের জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদ জানান। সেখান থেকে ফেরার পথে কালু মোল্লার মসজিদের সামনে মানছুরুল হক বাবর ও আব্দুল হক শাহজাহানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর প্রাণঘাতী হামলা চালায়।
আব্দুর রহিম আরও জানান, একই দিন রাতে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মদিনা বাজারে ফের তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় তার সাথে থাকা স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে শ্লীলতাহানি ও স্বর্ণালঙ্কার লুট করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে ভাই আব্দুল আউয়াল (৩৭) ও আব্দুর রহমানকে (২১) কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মানছুরুল হক বাবর ও আব্দুল হক শাহজাহান দাবি করেছেন, এই হামলার সাথে তারা কোনোভাবেই জড়িত নন। তারা বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখার আহ্বান জানান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, এই ঘটনায় দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...