বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউটিউবার রণভীর আল্লাবাদিয়া-এর সঙ্গে সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন পিটারসন।
সাক্ষাৎকারে পিটারসন বলেন, আইপিএলের প্রতি তার আগ্রহই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটায়। “আমি আইপিএলকে প্রাধান্য দিয়েছিলাম বলেই বোর্ড আমার বিপক্ষে চলে গিয়েছিল। এর জন্য আমাকে বড় মূল্য দিতে হয়েছে—আমি আমার ক্যারিয়ার হারিয়েছি,” বলেন তিনি।
তার দাবি, ২০০০ দশকের শেষদিকে আইপিএল জনপ্রিয় হয়ে উঠলেও তখন ইসিবি তাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের এই লিগে অংশ নিতে নিরুৎসাহিত করত। কিন্তু তিনি সেই অবস্থানের বিরোধিতা করেছিলেন এবং আইপিএলের পক্ষে সরব ছিলেন।
পিটারসন আক্ষেপ করে বলেন, মাত্র ৩৩ বছর বয়সেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে। যদিও তিনি বিশ্বাস করেন, স্বাভাবিকভাবে খেলতে পারলে ১৫০ থেকে ১৬০টি টেস্ট ম্যাচ খেলা তার পক্ষে সম্ভব ছিল এবং ১২ থেকে ১৩ হাজার রান সংগ্রহ করতে পারতেন। তিনি ১০৪টি টেস্ট ম্যাচে ৪৭.২৮ গড়ে ৮১৮১ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৩টি সেঞ্চুরি। এছাড়া ওয়ানডেতে তার মোট রান ৪৪৪০।
তবে নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ থাকলেও বর্তমান প্রজন্মের ইংলিশ ক্রিকেটারদের জন্য পথ তৈরি করে দেওয়ার বিষয়টি গর্বের সঙ্গে উল্লেখ করেছেন পিটারসন। তিনি জানান, সম্প্রতি ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার তার সঙ্গে কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পিটারসনের ভাষায়, “আমি সেই সময় বুক চিতিয়ে লড়াই করেছি বলেই আজ বাটলার, স্টোকসরা কোনো বাধা ছাড়াই আইপিএলে খেলতে পারছে এবং বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...