Logo Logo

যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ না সরালে বিশ্বকাপ খেলার সম্ভাবনা কম: ইরান


Splash Image

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো অন্যত্র না সরালে টুর্নামেন্টে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো মেক্সিকোয় স্থানান্তরের অনুরোধ এখনো বহাল রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ফিফা। তুরস্কের বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের অনুরোধ এখনো বহাল আছে, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। অনুরোধটি গ্রহণ করা হলে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে ইরানের অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা। ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু হওয়ার কথা। এরপর ২২ জুন একই ভেন্যুতে বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।

এদিকে চলমান ভূরাজনৈতিক উত্তেজনাও এই অনিশ্চয়তাকে বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরান তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে ইরান দলকে স্বাগত জানালেও নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা স্বীকার করেন। এর পরই বিষয়টি আরও আলোচনায় আসে।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বলেন, “যেহেতু নিরাপত্তার নিশ্চয়তা নেই, আমরা আমেরিকায় খেলতে চাই না। আমরা মেক্সিকোয় ম্যাচ আয়োজনের জন্য আলোচনা করছি।” তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে দিয়েছেন, সূচি অনুযায়ী ম্যাচগুলো নির্ধারিত ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “এখানে কোনো বিকল্প পরিকল্পনা নেই। প্ল্যান ‘এ’–ই একমাত্র পরিকল্পনা।”

তবুও ফিফা জানিয়েছে, ইরান যেন নিরাপদ পরিবেশে খেলতে পারে, সে বিষয়ে তারা কাজ করছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...