Logo Logo

ঝড়ে গাছ উপড়ে নোয়াখালীর রেলপথে বিপর্যয়, ট্রেন চলাচল ব্যাহত


Splash Image

নোয়াখালীতে হঠাৎ শুরু হওয়া বৈরী আবহাওয়ায় রেল যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। ঝড়ের তাণ্ডবে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ঢাকার সাথে নোয়াখালীর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন শত শত সাধারণ যাত্রী।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় প্রবল ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের তীব্রতায় রেললাইনের একাধিক স্থানে গাছ উপড়ে পড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে ভোর থেকেই ট্রেন চলাচলে স্থবিরতা নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নোয়াখালী স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' ট্রেনটি পথে দফায় দফায় বাধার সম্মুখীন হয়। রেললাইন থেকে গাছ সরিয়ে কোনোমতে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছালেও সেখানে দীর্ঘক্ষণ আটকা পড়ে থাকে। পরবর্তীতে আংশিকভাবে লাইন পরিষ্কার করা হলে ট্রেনটি চৌমুহনীর উদ্দেশ্যে রওনা দিলেও সামনের পথ ঝুঁকিমুক্ত হওয়া নিয়ে সংশয় দেখা দেয়।

ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, রেললাইনের ওপর এখনো বিভিন্ন জায়গায় গাছ পড়ে থাকায় স্বাভাবিক গতিতে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী গন্তব্যে পৌঁছানো এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

ট্রেন চলাচলে এমন অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকে বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, রেলওয়ে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকেই লাইন পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। লাইনের ওপর থেকে গাছ পুরোপুরি অপসারণ করা হলে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...