Logo Logo

মুকসুদপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন


Splash Image

মুকসুদপুরের শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম।

নৈতিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরের শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদুর রহমান মুন্সিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৬ এপ্রিল) মাদরাসা কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি ব্যাক্তিগত জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাদ্রাসা চলাকালীন সময়ে ছাত্রদের ড্রেস পরা অবস্থায় বাইরে নিয়ে গিয়ে মোসাম্মাৎ বেবী বেগম (৫০) ও তার মেয়ে বন্যা মৃধার (২১) ওপর হামলার অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনার সময় ভুক্তভোগী নারী ভিডিও ফুটেজ ধারণ করেন। পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন।

এ ঘটনায় মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য ও দাখিল পরীক্ষার্থী মো. রাসেল মাতুব্বরের বাবা হেমায়েত মাতুব্বরও ঘটনার বিচার দাবি করে সভাপতির কাছে লিখিত আবেদন দেন। এছাড়া ওই মাদ্রাসার এক শিক্ষার্থী সভাপতির কাছে এ ঘটনার সত্যতা স্বীকার করে বিস্তারিত বর্ণনা লিখিত আকারে জমা দিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ এক জরুরি সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে সভাপতি শেখ নাজিম উদ্দিন অধ্যক্ষ সাইফুল ইসলামকে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নির্ধারিত সময়ের শেষ দিনে তিনি জবাব প্রদান করলে তা সন্তোষজনক হয়নি। তাই ৬ এপ্রিল পরিচালনা কমিটি সভাপতি মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের পত্র ইস্যু করেন।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে তিনি মাদ্রাসার কোনো প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

জানা যায়, মাওলানা সাইফুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে মাদ্রাসায় আলিম (সমমান) বিভাগ চালু হলে তিনি অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...