Logo Logo

প্রাথমিকের ২ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে


Splash Image

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা দিয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (৮ এপ্রিল) সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১১তম দিনের অধিবেশনে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনা সম্পর্কে সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লক্ষ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় এ কার্যক্রম এবং শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে 'স্কুল ফিডিং' বা 'মিড-ডে মিল' চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ডিজিটাল বৈষম্য কমাতে ১৫০০টি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ প্রদান করা হবে।

কারিগরি শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২৩৩৬টি কারিগরি ও ৮২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন ও কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, আগামী ৬ মাসের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সাইবার সিকিউরিটি এবং পাইথন প্রোগ্রামিংয়ের মতো আধুনিক বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...