Logo Logo

সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ


Splash Image

সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। বুধবার (৮ এপ্রিল) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের এই রায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন জড়িত রয়েছে। ইতিমধ্যে রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করা হয়েছে। কপি হাতে পাওয়া মাত্রই আপিল বিভাগে আবেদন দাখিল করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আপিল বিভাগেই পৃথক সচিবালয় প্রতিষ্ঠা ও রায়ের অন্যান্য আইনি বিষয়ের চূড়ান্ত নিষ্পত্তি হবে।

এর আগে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।

এই রায়ের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হলো—অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা রাষ্ট্রপতির হাত থেকে সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের মতে, এর ফলে নিম্ন আদালতের বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুরির ক্ষমতা সরাসরি সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত থাকবে।

হাইকোর্ট তাঁদের রায়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদের চতুর্থ ও পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেছেন। এর পরিবর্তে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনর্বহাল করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়েছিল। এ ছাড়া ২০১৭ সালের জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালাকেও সংবিধান পরিপন্থী ঘোষণা করেছেন আদালত।

২০২৪ সালের ২৫ আগস্ট সুপ্রিম কোর্টের সাতজন আইনজীবীর দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দীর্ঘ শুনানি শেষে এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

এখন আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় ও বিচার বিভাগের প্রশাসনিক কাঠামোর ভবিষ্যৎ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...