Logo Logo

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড


Splash Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের দায়ে রূপালী ব্যাংক পিএলসি-র সাবেক এক শাখা ব্যবস্থাপককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


বিজ্ঞাপন


বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কর্মকর্তার নাম মো. বেলায়েত হোসেন। তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের মৃত আব্দুর রবের ছেলে এবং রূপালী ব্যাংক সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত সোনাইমুড়ী শাখায় ব্যবস্থাপক থাকাকালীন ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করেন। এর মাধ্যমে তিনি তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা অবৈধভাবে উত্তোলন ও স্থানান্তর করে আত্মসাৎ করেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন জানান, আদালত তিনটি ধারায় অপরাধী সাব্যস্ত করে আসামিকে মোট ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন। কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎকৃত সমপরিমাণ টাকা অর্থাৎ তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানাও করা হয়েছে।

বর্তমানে আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন। দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...