বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিলাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা এবং বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রনব কুমার নাথ।
সভাপতির বক্তব্যে ইউএনও হাসনাত জাহান খান শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার আহ্বান জানিয়ে বলেন, "তোমাদের জীবনকে শুধু বিলাইছড়ির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমি চাই আগামী ১৫-২০ বছর পর সংবাদে দেখব এই প্রত্যন্ত অঞ্চল থেকে কেউ নাসাতে বা গুগলে কাজ করার সুযোগ পেয়েছে। বিজ্ঞানের সাথে এখন জলবায়ু পরিবর্তনের বিষয়টি নিবিড়ভাবে জড়িত। তাই প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে কীভাবে টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়, এমন প্রযুক্তির উদ্ভাবনে তোমাদের মনোযোগী হতে হবে।"
এর আগে অনুষ্ঠানের প্রথম দিন ৮ এপ্রিল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ইউএনও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং অতিথিদের নিয়ে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট পরিদর্শন করেন। বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রত্যন্ত এই জনপদে বিজ্ঞানের চর্চা ও মেধার বিকাশে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...