Logo Logo

বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে : এসএম জিলানী


Splash Image

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ছিল এবং ধানের শীষে ভোট দিয়ে রায় দিয়েছে। তাই তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতে সকল সংসদ সদস্যদের একত্র করে হিন্দু সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমি সংসদে জোরালো ভূমিকা পালন করবো।


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পঞ্চপল্লী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবদলের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের একটি অংশের সমালোচনা করে এস এম জিলানী বলেন, বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় একটি গোষ্ঠী ঘোড়া প্রতীককে বিজয়ী করার ষড়যন্ত্র করেছিল। তাদের উদ্দেশ্য সৎ ছিল না। তারা জানত আমি নির্বাচিত হলে হিন্দুসহ সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও এলাকার উন্নয়নে কাজ করবো, যা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় বাধা হয়ে দাঁড়াবে। সে কারণেই তারা রাজবাড়ীর এক ব্যক্তিকে ভোট দিয়ে এলাকা নেতৃত্বশূন্য রাখার অপচেষ্টা চালিয়েছিল যাতে তারা নিজেদের মতো করে ফায়দা লুটতে পারে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে এমপি জিলানী বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি সাধারণ মানুষের ওপর অন্যায় বা নির্যাতন চালায়, তবে তা বরদাশত করা হবে না। আমাকে অবহিত করলে আমি তাকে সংশোধনের চেষ্টা করবো, অন্যথায় দল থেকে বহিষ্কার করা হবে। আমার এলাকার মানুষের ওপর কোনো প্রকার জুলুম হতে দেব না।

মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসায় জড়িয়ে কেউ গ্রেপ্তার হলে তার জন্য কোনো সুপারিশ করা হবে না; বরং দীর্ঘমেয়াদে কারাগারে থাকার ব্যবস্থা করা হবে। সমাজ থেকে মাদক নির্মূল করা তারেক রহমানের নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ। মাদক ছেড়ে অন্য ব্যবসায় ফিরে আসলে প্রয়োজনে অর্থনৈতিক সহযোগিতা করা হবে, তবুও মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।

গোপালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ধনীন্দ্রনাথ হাজরার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, মুক্তার মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈ এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...