Logo Logo

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত


Splash Image

খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সোনামিয়া নামে এক তাঁতী দল নেতা নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দিবাগত গভীর রাতে নগরীর খালিশপুর নয়াবাটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সোনামিয়া স্থানীয় ১০নং ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক এবং নয়াবাটি এলাকার জব্বার সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াবাটি এলাকায় সোনামিয়ার একটি ভ্যারাইটি স্টোর ছিল। প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাত ১২টার পর তিনি দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক এসে অতর্কিত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের বাহুতে দুটি গভীর আঘাত করে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় জানান, হামলার শিকার হওয়ার পর সোনামিয়া প্রাণভয়ে দৌড়ে পার্শ্ববর্তী একটি কোম্পানির গোডাউনে আশ্রয় নেন। সেখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় বলেন, রাত সাড়ে ১২টার পর পুলিশ খবর পায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...