বিজ্ঞাপন
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের চর-আউলিয়াপুর গ্রামে তুলাতলি নদীর বেড়িবাঁধে নির্মিত ওই ঘাটলাটির বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। অনেক জায়গার সিমেন্ট-বালু এরই মধ্যে খসে পড়েছে। স্থানীয়দের যাতায়াত ও ব্যবহারের সুবিধার্থে তৈরি করা এই সরকারি স্থাপনাটি এক মাস পার না হতেই ধসে পড়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তথ্যমতে, ২০২৫-২০২৬ অর্থ বছরে চর-আউলিয়াপুর গ্রামের শামসু হাওলাদারের বাড়ির পশ্চিম পাশে এই ঘাটলা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। ২ লাখ টাকা বরাদ্দের এই প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. ফারুক হোসেন। গত মাসেই কাজ শেষ হওয়া ঘাটলাটির এমন জরাজীর্ণ দশা প্রকল্পের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণের সময় অত্যন্ত নিম্নমানের ইট ও বালু ব্যবহারের পাশাপাশি সিমেন্টের পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় নগণ্য। তড়িঘড়ি করে কাজ শেষ করে বিল উত্তোলনের উদ্দেশ্যেই দায়সারাভাবে ঘাটলাটি তৈরি করা হয়েছে।
বিক্ষুব্ধ বাসিন্দারা বলেন, "নদীর পাড়ে যাতায়াতের কষ্ট লাঘবে ঘাটলাটি করা হলেও দুর্নীতির কারণে তা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সরকারি টাকার এমন অপচয় ও অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।"
প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে প্রকল্প সভাপতি মো. ফারুক হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সন্তোষজনক বক্তব্য পাওয়া যায়নি। সরকারি সম্পদের এই ক্ষতি ও অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...