Logo Logo

কোটালীপাড়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা, অভিভাবকদের মিষ্টি বিতরণ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬ নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপতী বাড়ৈর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্থায়ী বদলির আদেশ আসায় বিদ্যালয় প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করেছেন আনন্দিত অভিভাবকেরা। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিনের অসদাচরণ ও অনিয়মের অভিযোগে অবশেষে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এলাকায় স্বস্তি ফিরেছে।


বিজ্ঞাপন


আজ রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকেরা একত্রিত হয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকার অপেশাদার আচরণ ও দুর্ব্যবহারের কারণে দীর্ঘদিন ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল। প্রতিকার চেয়ে অভিভাবকেরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রদানের পাশাপাশি শিক্ষার্থীরা টানা দুই দিন বিদ্যালয় বর্জন করে প্রতিবাদ জানিয়েছিল।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত ৬ এপ্রিল গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা: জ্যোৎস্না খাতুন স্বাক্ষরিত এক আদেশে অভিযুক্ত শিক্ষক তপতী বাড়ৈকে লঘুদণ্ডসহ স্থায়ী বদলির নির্দেশ দেওয়া হয়। রোববার সকালে এই খবর জানাজানি হলে অভিভাবকেরা বিদ্যালয়ে ভিড় করেন।

বিদ্যালয়ের অভিভাবক আকিমন বেগম নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমাদের সন্তানদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণের কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। অবশেষে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।" বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বোরহান খান বলেন, "শিক্ষক হচ্ছেন আদর্শের প্রতীক। তার কাছে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই ভবিষ্যতেও যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়।"

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানান, অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং প্রমাণ মেলায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন আপসহীন।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপ শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অপেশাদার আচরণের বিরুদ্ধে এটি একটি শক্ত সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...