বিজ্ঞাপন
আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।
সভায় বক্তারা বিগত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন এবং আগামী দিনে জননিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ, নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি।
এ ছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিতে বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের গডফাদারদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, জেলার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে র্যাব, পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...