Logo Logo

গোপালগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় গোপালগঞ্জ শিশু একাডেমি চত্বরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজনে বিভিন্ন বয়স ও শ্রেণির প্রায় ১৫০ জন শিশু-কিশোর চারটি পৃথক বিভাগে অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও নান্দনিক প্রতিভার স্বাক্ষর রাখে। প্রতিযোগিতার বিষয়বস্তুও ছিল অত্যন্ত আকর্ষণীয়। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল 'উন্মুক্ত'। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল ‘গ্রাম্য মেলা’ এবং সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বৈশাখী মেলা ও বৈশাখী শোভাযাত্রা’।

এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য একটি পৃথক 'উন্মুক্ত' বিভাগ রাখা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও তাদের আঁকা মনোমুগ্ধকর চিত্রকর্ম অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে।

গোপালগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শাহিন উদ্দিন জানান, এ ধরনের প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের মনে সুস্থ সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে এবং দেশীয় ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে বিশেষভাবে সহায়তা করে।

প্রতিযোগিতা শেষে অভিজ্ঞ বিচারকমণ্ডলী প্রতিটি বিভাগ থেকে সেরা ৩ জন বিজয়ীকে নির্বাচন করেন। আগামী পহেলা বৈশাখে জেলা প্রশাসন আয়োজিত মূল অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকেও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...