Logo Logo

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

বেকারমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান গোপালগঞ্জের তরুণরা


Splash Image

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে অন্যতম বড় অন্তরায় হিসেবে বেকারত্বকে চিহ্নিত করে তা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ’ গোপালগঞ্জ জেলা শাখা। এ লক্ষ্যে সংগঠনটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ এবং দিকনির্দেশনা কামনা করেছেন।


বিজ্ঞাপন


রবিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের নিকট সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বেকারত্ব দূরীকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরার সুযোগ চাওয়া হয় এবং এ বিষয়ে সরকারের অংশীদার হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি আমিয় সরকার ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম ধিরাজ। এছাড়াও সংহতি জানাতে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মুকসুদপুরের জাকির মোল্লা, টুঙ্গিপাড়ার স্বপন, কোটালীপাড়ার বিধান মজুমদার এবং নারী নেত্রী সোমা খানম।

এর আগে স্মারকলিপি প্রদানের পূর্বে একটি সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সক্রিয় সদস্য হাবিবের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, তারা কেবল চাকরির দাবি নয়, বরং একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করতে চান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আধুনিক, কর্মসংস্থানমুখী রাষ্ট্র বিনির্মাণে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সুযোগ পেলে তা বাস্তবায়নে সহযোগিতা করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ আরও জানান, তৃণমূল পর্যায়ে শিক্ষিত ও দক্ষ তরুণদের সংগঠিত করার মাধ্যমে একটি কর্মক্ষম মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি। তাদের মতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বেকারত্ব সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়।

জেলা প্রশাসক স্মারকলিপিটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

প্রতিবেদক- এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...