Logo Logo

চাটখিলে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় অসাম্প্রদায়িক চেতনায় উৎসবটিকে উৎসবমুখর ও বর্ণাঢ্যভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। শৃঙ্খলা ও কর্মসূচি সফল করতে মূল কমিটির পাশাপাশি লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রা বাস্তবায়নে পৃথক উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলা উদযাপন মূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে— বৈশাখের সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন। এছাড়া দিনভর চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লোকজ মেলা।

উৎসবে চাটখিলের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের বৈশাখী সাজে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন জনসেবা নিশ্চিত করতে থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং পল্লী বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য একটি মেডিকেল টিমও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

ইউএনও মিজানুর রহমান উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার লোকজ সংস্কৃতি তুলে ধরে মূল শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানান। পরিশেষে, তিনি চাটখিলের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বাঙালির এই চিরায়ত উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...