Logo Logo

হরমুজ থেকে মাইন অপসারণে তৎপরতা শুরু মার্কিন প্রতিরক্ষা বাহিনীর


Splash Image

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করতে বড় ধরনের অভিযান শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। সমুদ্রপথ নিরাপদ করতে এবং বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে ইতোমধ্যে দুটি শক্তিশালী মার্কিন রণতরী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় সেন্টকোম জানায়, ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি নামক দুটি রণতরী ইতোমধ্যে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পেতে রাখা মাইনগুলো অপসারণ করে এই আন্তর্জাতিক রুটকে সম্পূর্ণরূপে নিরাপদ করাই এই অভিযানের মূল লক্ষ্য।

এ বিষয়ে সেন্টকোমের শীর্ষ নির্বাহী কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার পৃথক এক বিবৃতিতে বলেন, "আমরা একটি নিরাপদ পথ তৈরির প্রক্রিয়া শুরু করেছি। শিগগিরই এই পথটি বেসামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।"

প্রসঙ্গগত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারির অংশ হিসেবে আইআরজিসি বিপুল পরিমাণ জলমাইন স্থাপন করেছিল। তবে বর্তমানে ইরান এসব মাইনের সঠিক অবস্থান শনাক্ত করতে পারছে না। গোয়েন্দা তথ্য অনুযায়ী, মাইন স্থাপনের যথাযথ রেকর্ড না থাকা এবং সমুদ্রের স্রোতে মাইনগুলো আগের স্থান থেকে সরে যাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমরা হরমুজ থেকে মাইন অপসারণের কাজ শুরু করেছি। খুব দ্রুতই প্রণালির তলদেশে আধুনিক মাইন বিধ্বংসী যন্ত্রচালিত নৌযান পাঠানো হবে।"

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম প্রধান এই রুটটি মাইনমুক্ত করার প্রক্রিয়া শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...