Logo Logo

ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত


Splash Image

ফরিদপুর কোতয়ালী থানার বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (১৩ এপ্রিল) ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজবাড়ী অভিমুখী একটি বাঁশবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-৪৭৫২) এবং বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাকের (ঝিনাইদহ-ট-১১-০৯৬৬) মধ্যে বারোখাদা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাক দুটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাঁশবোঝাই ট্রাকের অজ্ঞাতনামা চালক নিজ আসনে আটকা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা ট্রাকের ভেতর আটকা পড়া চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে করিমপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে এবং নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, এই সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...