Logo Logo

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে : নেতানিয়াহু


Splash Image

যেকোনো মুহূর্তে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


বৈঠকে নেতানিয়াহু জানান, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের সাম্প্রতিক ঘোষণাকে ইসরায়েল পূর্ণ সমর্থন জানাচ্ছে। ইরান ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে ওই বৈঠকের বিস্তারিত অবহিত করেছেন।

নেতানিয়াহুর ভাষ্যমতে, আলোচনার প্রাথমিক শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করবে এবং বিনিময়ে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত না করে শর্ত ভঙ্গ করেছে, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া বৈঠকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ছিল ইরানকে তাদের সমৃদ্ধকৃত সব ইউরেনিয়াম সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক দশক দেশটি নতুন করে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নতুন করে তুঙ্গে উঠেছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...