Logo Logo

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল


Splash Image

ঢাক-ঢোলের বাদ্য আর রঙিন মোটিফের বর্ণিল সমারোহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষের মূল আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই শোভাযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অশুভ শক্তির বিনাশ ও কল্যাণময় আগামীর প্রত্যাশায় আয়োজিত এই উৎসবে শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাসে উৎসবের ঢল নামিয়েছে।

সকাল ৮টা থেকেই চারুকলা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন উৎসবপ্রিয় মানুষ। বর্ণিল পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে চারদিকে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এবারের শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী জাতীয় পতাকা বহন করছেন এবং ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর সুরের মূর্ছনা শোভাযাত্রায় যোগ করেছে ভিন্ন মাত্রা।

প্রতিবারের মতো এবারও লোকঐতিহ্য ও নিজস্ব স্বকীয়তাকে প্রধান্য দেওয়া হয়েছে। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে তৈরি বিশাল বাঘ, হাতি, ময়ূর এবং মা-শিশুর প্রতিকৃতি শোভাযাত্রার দৃশ্যপটকে করেছে অনন্য। এবারের আয়োজনে বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রধান মোটিফ—মোরগ, বেহালা বা দোতারা, পায়রা, হাতি ও ঘোড়া; যা যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হচ্ছে।

চারুকলা অনুষদের শিক্ষার্থীরা দীর্ঘ পরিশ্রমের পর এসব মোটিফ প্রস্তুত করেছেন। এর মধ্যে লাল ঝুঁটির বিশাল মোরগ, লোকশিল্প জাদুঘরের আদলে কাঠের হাতি, শান্তির প্রতীক পায়রা, বড় দোতারা ও টেপা আকৃতির ঘোড়া দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। ছোট ছোট প্রতীকী উপকরণও শোভাযাত্রার শোভা বাড়িয়েছে।

শোভাযাত্রাকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে মুখোশ পরা, বড় ব্যাগ বহন, ইংরেজি প্ল্যাকার্ড ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে আর্চওয়ে ও সিসিটিভি ক্যামেরার পাশাপাশি টিএসসিতে হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

নববর্ষের এই উদযাপন উপলক্ষে চারুকলা অনুষদে সাংস্কৃতিক আয়োজনেরও ব্যবস্থা রয়েছে। চৈত্র সংক্রান্তির বিকেলে বকুলতলায় লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়েছে। এছাড়া আগামী ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...