Logo Logo

টাঙ্গাইলে আজ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


Splash Image

সারাদেশের কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে এবং প্রকৃত কৃষকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে টাঙ্গাইল পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঐতিহাসিক কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

কৃষক কার্ড বিতরণ কর্মসূচিটি মূলত সরকারের একটি প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে। এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ এবং সরাসরি কৃষি উপকরণ পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন। কৃষি মন্ত্রণালয় মনে করছে, এই কার্ড প্রবর্তনের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি রাষ্ট্রীয় সহায়তার সুফল ভোগ করতে পারবেন।

শহিদ মারুফ স্টেডিয়ামে বক্তব্য প্রদান শেষে প্রধানমন্ত্রী দুপুর সোয়া ১২টায় টাঙ্গাইল পৌর উদ্যানে একটি কৃষি মেলার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই সফর ও কর্মসূচি তদারকি করতে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইতোমধ্যে টাঙ্গাইলে অবস্থান করছেন। টাঙ্গাইল থেকে শুরু হওয়া এই পাইলট প্রকল্পটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত করা হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো টাঙ্গাইল জেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্থানীয় কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনবেন এবং বিকেলেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। কৃষক কার্ড কর্মসূচিটি বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা গ্রামবাংলার অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...