Logo Logo

কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় একাডেমীর প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একাডেমী প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবী, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া ও সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার। কর্মসূচিতে একাডেমীর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা পরবর্তী আয়োজনে ছিল বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন। এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা লোকগান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে তা আরও অটুট হবে। পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের মাধ্যমে আমরা একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার পাশাপাশি প্রিয় মাতৃভূমিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবো।”

পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে বলেন, পল্লী উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য লালন করা জরুরি। এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা সমাজে সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস ও বাঙালিয়ানা চেতনার এক প্রাণবন্ত আবহ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...