Logo Logo

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’


Splash Image

সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সফলভাবে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এই শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১০টায় পুনরায় চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনর্জাগরণ’। বর্ণিল স্ক্রল পেইন্টিং, ঐতিহ্যবাহী মোটিফ এবং ঢাকের বাদ্যে পুরো ক্যাম্পাসজুড়ে এক অনন্য উৎসবমুখর আবহ তৈরি হয়। অংশগ্রহণকারীদের হাতে থাকা নানা প্রতীকী উপকরণ ও লোকজ শিল্পকর্ম শোভাযাত্রাকে করে তোলে আরও আকর্ষণীয়।

শোভাযাত্রায় রাষ্ট্রীয় অতিথি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। এবারের আয়োজনে স্থান পাওয়া প্রতিটি মোটিফের পেছনে ছিল গভীর প্রতীকী তাৎপর্য। এর মধ্যে মোরগ, হাতি, পায়রা, টেপা পুতুল-ঘোড়া ও দোতারা বিশেষ গুরুত্ব পেয়েছে। পাশাপাশি পটশিল্পী টাইগার নাজিরের নির্মিত দৃষ্টিনন্দন পটচিত্রগুলো উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

শোভাযাত্রার শুরুতে ছিল পুলিশের চৌকস অশ্বারোহী দল। তাদের পেছনে জাতীয় পতাকা বহনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী অংশ নেন। এরপর সংবাদকর্মীদের একটি দল এবং প্রধান ব্যানারসহ রাষ্ট্রীয় অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোভাযাত্রার অগ্রভাগে থেকে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেন।

বাঙালির এই চিরায়ত উৎসবের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং নতুন বছরে গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...