Logo Logo

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ


Splash Image

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গবিপ্রবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। কুলা-চালুন, ঢোল, শখের হাঁড়ি, কলসি ও তালপাখাসহ বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ হাতে নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা এই শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন।

শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবন চত্বরে ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। মেলায় বিভিন্ন বিভাগ ও সংগঠনের স্টলগুলোতে গ্রামীণ বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। উৎসবের আমেজে উপস্থিত সবার মাঝে চিড়া, মুড়ি, সাজ-বাতাসা, গজা ও নকুলদানা বিতরণ করা হয়।

বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয় দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিকেলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘সাপখেলা’র বিশেষ আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের ফাঁকে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নতুন বছরে গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার প্রত্যাশায় আনন্দঘন পরিবেশে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...