বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারসহ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আবুল হোসেন খান। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “পহেলা বৈশাখ কোনো রাজনৈতিক দলীয় উৎসব নয়; এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতির চিরায়ত লোকজ ঐতিহ্য।”
তিনি তাঁর বক্তব্যে নতুন বছরের শপথ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলা নববর্ষের এই শুভদিনে আমাদের অঙ্গীকার হোক সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাকেরগঞ্জ গড়ার।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বর্ষবরণের গানসহ বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সংগীত পরিবেশন করেন। উৎসবকে কেন্দ্র করে উপজেলা চত্বরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...