Logo Logo

রাজবাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন


Splash Image

অসাম্প্রদায়িক চেতনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয় এবং সেই সঙ্গে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা।

এদিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে গিয়ে শেষ হয়। সেখানে তিন দিনব্যাপী বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আবহমান কাল হতেই অসাম্প্রদায়িক চেতনায় এই উৎসব উদযাপিত হয়ে আসছে। এই মেলা ও উৎসবের মাধ্যমে বাঙালির লোকজ ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।

শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীনের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপি'র সাবেক সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ভিপি কাজী হাবিব, এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নতুন বছরকে বরণ করে নিতে মেলা প্রাঙ্গণে নানা লোকজ পসরা ও দর্শনার্থীদের ভিড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...