Logo Logo

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত


Splash Image

অসাম্প্রদায়িক চেতনা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) আনন্দঘন পরিবেশে নতুন বছরকে স্বাগত জানাতে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন


দিনের শুরুতে জেলা প্রশাসনের সহযোগিতায় সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আয়োজনে বর্ষবরণ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী গ্রামীণ বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন। আলোচনা সভায় বক্তারা বাঙালি সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত রাখতে বাংলা নববর্ষের ঐতিহাসিক গুরুত্ব ও সামাজিক প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। ঢাক-ঢোল ও রঙিন ব্যানার-ফেস্টুনে সজ্জিত এই শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে অম্বিকা ময়দানে বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নতুন বছরকে ঘিরে পুরো শহর জুড়ে এক উৎসবমুখর ও আনন্দময় পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...