Logo Logo

মনোহরদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


Splash Image

নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে ধারণ করে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

শোভাযাত্রায় ছিল গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপন, মুখোশ, রঙিন ব্যানার ও ফেস্টুন, যা পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক ও লোকসংগীত পরিবেশনের পাশাপাশি নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা সব ধর্ম-বর্ণের মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে মনোহরদীবাসী আনন্দ-উচ্ছ্বাসে নতুন বছরকে স্বাগত জানায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...